সাব্বির রহমান রাব্বীল
যবিপ্রবি প্রতিনিধি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) যশোর চৌগাছা উপজেলার শিক্ষার্থীদের সংগঠন “চৌগাছা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন” – এর আয়োজনে ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল ও সম্মাননা স্মারক দিয়ে বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) বিকাল চারটায় বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের নীচতলায় প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের গ্যালারিতে কোরআন তেলওয়াতের মাধ্যমে এ আলোচনা সভা শুরু হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাশেদ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পুষ্টি ও খাদ্য প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ ওমর ফারুক, কেমিকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. মোসাঃ আফরোজা খাতুন ও পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক সাবিহা সারোয়ার সহ চৌগাছা উপজেলার বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে ড. মোঃ ওমর ফারুক বলেন, এ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত বোধ করছি। এরকম একাধিক প্রোগ্রামের আয়োজন করার চেষ্টা করবে যেন তোমাদের নিজেদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি হয়, একে অপরের সাহায্যে এগিয়ে আসতে পারো, সিনিয়র দের সাথে জুনিয়দের পরিচিতি বাড়াতে পারো। এতে করে তোমাদের মাঝে ভ্রাতৃত্ববোধ বাড়বে। আর অবশ্যই তোমাদের বাবা-মার স্বপ্ন পূরণের সর্বচ্চো চেষ্টা করো, পড়াশোনা করো নিয়মিত আর যেকোনো সমস্যায় আমাদের কে জানাবে।
চৌগাছা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক হুজ্জাতুল আরেফিন সুজন বলেন, আমরা সবাই চৌগাছার বিভিন্ন প্রান্ত থেকে এ বিশ্ববিদ্যালয়ে এসেছি। কিন্তু আমাদের পরিচয় আমরা চৌগাছার সন্তান। এ পরিচয় নিয়েই আমরা একই ক্যাম্পাসে একটি পরিবারের মতো একত্রিত হয়েছি। এটি শুধুমাত্র একটি অ্যাসোসিয়েশন না, এটা আমাদের একে অপরকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি, সমস্যায় পড়লে পাশে দাড়ানোর অঙ্গীকার আর চৌগাছার নাম সামনে তুলে ধরার সংগ্রাম। আজকের এই আয়োজন হোক আমাদের ঐক্যের নতুন সূচনা, ভালোবাসা আর দায়বদ্ধতার প্রতিশ্রুতি। অনুষ্ঠানের আয়োজক,শুভাকাঙ্খী এবং উপস্থিত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা।