অধ্যাপক ড. খবির উদ্দিন আহমেদ জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোসাইটি ফর ক্রিটিক্যাল লিগ্যাল স্টাডিজের উদ্যোগে গত ৫ ও ৬ জুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় মুট কোর্ট দলের সদস্যরা হলেন আইন বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জান্নাওয়াতুল মাওয়া শুচি ও যাইদ ইকরাম এবং ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাফিসা তাবাসসুম।
প্রতিযোগিতায় দেশের ৪২টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ৬৩টি দল অংশ নেয়। প্রিলিমিনারি, কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল এবং গ্র্যান্ড ফাইনাল রাউন্ডে ঢাকা বিশ্ববিদ্যালয় দল ধারাবাহিকভাবে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, হাইকোর্ট বিভাগের বিচারপতি, শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।