শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এসএসসিতে থাকছে না কোনো মানবিক নম্বর। শিক্ষার্থীরা যা লেখবে তাই পাবে।
সোমবার (২০ এপ্রিল) চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা উপলক্ষে আয়োজিত শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, বোর্ড কখনো ভেবে দেখেনি এক্সামিনাররা খাতা দেখতে কত সময় লাগে। ঠিকমত খাতা দেখা হচ্ছে কিনা। এবছর এসএসসি পরীক্ষার খাতা দেখতে এক্সামিনার বাড়ানো হচ্ছে। এক্সামিনারদের যথেষ্ট সময় দেয়া হবে।
এসময় মন্ত্রী আরো বলেন, করোনার সময় শিক্ষা ব্যবস্থা নষ্ট হয়ে গেছিলো সেটা ফেরানোর চেষ্টা চলছে। এটায় আতঙ্কের কিছু নাই। আন্দমুখর পরিবেশে পরীক্ষা হবে।
প্রশ্নফাঁস নিয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আমরা নজরদারি করছি সাইবার ক্রাইমে, প্রশ্নপত্র যারা থানা থেকে নেবেন তারা কোনো ক্রাইম করছে কিনা, তাদের লিস্ট আমরা নিয়েছি। আমরা মনিটরিং সেল করেছি, এর মধ্যে কিছু হয় কিনা সেজন্য আমরা এগুলো খুব সুন্দরভাবে সবকিছু করেছি।
প্রশ্নফাঁস নিয়ে মন্ত্রী আরো বলেন, আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি। সেখানে ডিসি ইউএনওসহ সবাই থাকছেন। আমাদের উপদেষ্টা বলেছেন, প্রশ্নপত্র আগের সরকার করেছে, ডিস্ট্রিবিউশন বিগত সরকার করছে, এই ডেটও বিগত সরকার করেছে। আমরা শুধু পরীক্ষা কনডাক্ট করছি। এখন আমরা প্রতিটা কেন্দ্রে সিসি ক্যামেরা আছে কিনা, সচল না অচল এগুলো সব আমরা দেখছি।