জাবি প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এ মাহফিলের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, শিক্ষক, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি এস. এম. তাওহিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওসমান সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আহসান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম এবং জাবি প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সোহেল রানা।
এসময় আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)-এর ভিপি আব্দুর রশিদ জিতু ও জিএস মাজহারুল ইসলাম। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক ও বর্তমান সাংবাদিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে জাবি প্রেসক্লাবের সভাপতি এস. এম. তাওহিদ বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব সবসময়ই বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক কার্যক্রম এবং শিক্ষার্থীদের সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরতে কাজ করে যাচ্ছে। পবিত্র রমজানের এই আয়োজনে সবাইকে একত্রিত করতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও প্রেসক্লাব বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার মানোন্নয়নে কাজ করে যাবে।”
প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সোহেল রানা বলেন, “প্রেসক্লাব বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ সংগঠন। শিক্ষার্থীদের সাংবাদিকতা চর্চার পাশাপাশি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তাদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। এমন আয়োজন পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আহসান বলেন, “বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ক্যাম্পাসের বিভিন্ন কার্যক্রম ও শিক্ষার্থীদের বিষয়গুলো সমাজের সামনে তুলে ধরেন। আমি আশা করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি করবে।”
ইফতারের আগে দেশ, জাতি ও বিশ্ববিদ্যালয়ের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এরপর উপস্থিত অতিথিরা একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।