1. admin@thecampusinsight.com : Campus :
  2. news@thecampusinsight.com : news :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা: মাহদী আমিন বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২০ জুন, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন নোবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিচ্ছে সরকার

জকসুতে ভাঙনের সুর, এক প্যাডে দুই রুপ

  • প্রকাশিত : রবিবার, ৮ মার্চ, ২০২৬

জবি প্রতিনিধি

 জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনাকে ঘিরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) প্যাড ব্যবহার করে পালটাপালটি প্রতিবাদলিপি প্রকাশ করেছে দুই পক্ষ। পৃথক দুটি বিবৃতির মধ্যে শিবির সমর্থিত প্যানেল থেকে বিজয়ী এজিএসের সই করা প্রতিবাদলিপিতে জকসুর জিএস ও শিক্ষা ও গবেষণা সম্পাদককে নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ দাবি করেছে। অন্যদিকে ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে বিজয়ী তিন সম্পাদক ও এক সদস্যের সই করা প্রতিবাদলিপিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ তুলে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

শুক্রবার (৬ মার্চ) রাতে জকসুর প্যাডে একটি প্রতিবাদলিপি প্রকাশ করা হয়। এই বিবৃতিতে সই করেন জকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মো. মাসুদ রানা।
এতে বলা হয়, জকসুর জিএস এবং শিক্ষা ও গবেষণা সম্পাদককে জড়িয়ে দৈনিক প্রথম আলো ও দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত সংবাদের দাবি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
বিবৃতিতে উল্লেখ করা হয়, গতকাল দুপুর ১টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কক্ষে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হলে জকসুর সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার এবং হামলা বন্ধ করার চেষ্টা করেন। কিন্তু গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে তাদের নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে বলে যে দাবি করা হয়েছে তা সঠিক নয়।
এতে আরও বলা হয়, প্রকৃতপক্ষে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে উপস্থিত হয়েছিলেন। অথচ যাচাই-বাছাই ছাড়াই এমন সংবাদ প্রকাশ করা দুঃখজনক। সংশ্লিষ্ট গণমাধ্যমকে ভুল তথ্য সংশোধন করে সঠিক সংবাদ প্রকাশের আহ্বান জানানো হয়।
অন্যদিকে শনিবার (৭ মার্চ) জকসুর প্যাডে প্রকাশিত আরেকটি প্রতিবাদলিপিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ তুলে এর নিন্দা জানানো হয়। এই বিবৃতিতে সই করেন ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে বিজয়ী জকসুর পাঠাগার ও সেমিনার সম্পাদক মো. রিয়াসাল (রাকিব), পরিবহণ সম্পাদক মো. মাহিদ হোসেন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো. তাকরিম মিয়া (তাকরিম আহমেদ) এবং নির্বাহী সদস্য মো. সাদমান আমিন (সাদমান সাম্য)।
বিবৃতিতে বলা হয়, গত ৫ মার্চ দুপুর ১টা ৩০ মিনিটের দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি ভবনে কর্মরত সাংবাদিকদের ওপর ন্যাক্কারজনক হামলা চালানো হয়। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বরাতে বলা হয়, সাংবাদিক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রশিবিরের নেতাকর্মীরা আধিপত্য বজায় রাখতে সাংবাদিকদের ওপর হামলা চালায়। এতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত একাধিক সাংবাদিক আহত হয়েছেন।
বিবৃতিতে আরও দাবি করা হয়, ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে শিবিরের নেতারা মিথ্যা ও বানোয়াট বক্তব্য দিয়ে জকসুর নাম ব্যবহার করে বিভ্রান্তিকর বিবৃতি দিচ্ছেন। এতে বলা হয়, জকসুর কোনো নেতাকে কেন্দ্র করে যে সংবাদ সম্মেলন ও বিবৃতি প্রকাশ করা হয়েছে, সে বিষয়ে জকসু অবগত নয়। ফলে এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে তারা জকসুর পদে থাকার নৈতিকতা হারিয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

শেয়ার করুন...

অন্যান্য...