মামুন অর রশিদ বিজন
এই বিপ্লবী সরকার সমালোচনার ঊর্ধ্বে নয় —গঠনমূলক সমালোচনা অবশ্যই গণতন্ত্রের সৌন্দর্য। তবে কোনো অবস্থাতেই এই সরকারকে অসম্মান করা বা অবমূল্যায়ন করা জনগণের জন্য কাম্য হতে পারে না।
কারণ দীর্ঘ ষোলো বছরের স্বৈরাচারী শাসনব্যবস্থাকে উচ্ছেদ করে যে নবমুক্তির সূচনা হয়েছে, সেটি উপহাস বা অবজ্ঞার বিষয় হতে পারে না। এই অর্জন রক্ত, ত্যাগ ও জনগণের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল। এই সরকার কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয় — এটি বাংলাদেশের জনগণের সরকার।
প্রিয় দেশবাসী, আমাদের ইতিহাস আমাদের শিক্ষা দেয়। ১৯৯৬ সালে তীব্র গণআন্দোলনের মুখে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল — যার মূল লক্ষ্য ছিল অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। সংবিধান অনুযায়ী, সেই তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব ছিল সীমিত সময়ের মধ্যে কেবল নির্বাচন পরিচালনা করা — নীতিনির্ধারণ নয়, রাষ্ট্রক্ষমতার দীর্ঘস্থায়ী প্রয়োগ নয়।
কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয়, এই ব্যবস্থাও বারবার নিয়ম ভঙ্গের শিকার হয়েছে। ২০০৬–২০০৮ সময়কালে তত্ত্বাবধায়ক সরকার সংবিধাননির্ধারিত ৯০ দিনের সীমা অতিক্রম করে দীর্ঘ সময় ক্ষমতায় থাকে। নির্বাচনের পরিবর্তে প্রশাসনিক ও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সেই সরকার তার নিরপেক্ষতার প্রশ্নে বিতর্কের জন্ম দেয়। এর ফলেই জনগণের আস্থা ক্ষুণ্ন হয় এবং পরবর্তীতে ২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়।
এই ইতিহাস আমাদের স্পষ্ট করে বলে — গণতন্ত্র শুধু সরকার পরিবর্তনের নাম নয়, গণতন্ত্র মানে নিয়মের শাসন, সময়ের শাসন এবং জনগণের কাছে জবাবদিহি।
আজ আমরা আবার একটি অন্তর্বর্তীকালীন বাস্তবতার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছি। তাই অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আমাদের দায়িত্ব আরও বড়। কোনো অবস্থাতেই যেন এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়মভঙ্গের পথে না হাঁটে, জনগণের আস্থা যেন বিন্দুমাত্র ক্ষুণ্ন না হয় — সেই সতর্কতাই আমাদের জাতীয়তাবাদী চেতনার মূল দাবি।
আজ যে ঐক্যবদ্ধ জাতি গড়ে উঠেছে, তাকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা করছে দেশি-বিদেশি অপপ্রভু শক্তির ছায়া। জাতীয় স্বার্থে সেই ষড়যন্ত্র প্রতিহত করা আমাদের নৈতিক ও ঐতিহাসিক দায়িত্ব। কোনো ক্রমেই এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না।
একটি স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশের উত্থানই এই অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য। এ সরকার আমাদের গণআকাঙ্ক্ষার প্রতিফলন, আমাদের সংগ্রামের ধারাবাহিকতা। এটিই আমাদের জুলাই গণঅভ্যুত্থান — জাতীয়তাবাদের চেতনায় উজ্জীবিত, জনগণের ক্ষমতায়নে দৃঢ় প্রত্যয়ী।
লেখক: মামুন অর রশিদ বিজন, সচেতন নাগরিক, সাংবাদিক ও সমাজকর্মী, মেহেরপুর, খুলনা, বাংলাদেশ।