সাব্বির রহমান রাব্বীল
যবিপ্রবি প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জাতীয়তাবাদী আদর্শ লালনকারী শিক্ষার্থীরা আনন্দ মিছিল করেছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে আনন্দ মিছিলটি শুরু করে যবিপ্রবির গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে প্রসাশনিক ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা, “বাংলাদেশ বাংলাদেশ – সবার আগে বাংলাদেশ,” আমার দেশ তোমার দেশ – বাংলাদেশ বাংলাদেশ”, “শহীদদের রক্ত – বৃথা যেতে দিবনা” সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
মিছিলে অংশ নেওয়া পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী ছালেক খান বলেন, যে সকল শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই বিজয় পেয়েছি তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। কিন্তু আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে আজকের বিজয় দিবসকে প্রানবন্ত এবং উৎসব মূখর করতে সকল শিক্ষার্থীদের অংশগ্রহণ মূলক প্রোগ্রাম এর আয়োজন করতে পারেনি এই প্রসাশন। আমি প্রসাশনের প্রতি আহবান জানাই পরবর্তী বিজয় দিবসকে উৎসব মূখর করতে এবং সকল শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য যে সকল কর্মসূচি করা প্রয়োজন সেগুলো যেনো করা হয়।
উল্লেখ্য যে, বিশ্ববিদ্যালয়ের ১০৩তম রিজেন্ট বোর্ড সভার সিদ্ধান্ত ও যবিপ্রবি “Rules of Discipline for Students”-এর Part-1 ও যবিপ্রবি আইন-২০০১” এর ধারা ৪৭ (৫) এবং “সাধারণ আচরণ, শৃঙ্খলা ও আপীল সংক্রান্ত বিধি” অনুযায়ী – কোনো শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী রাজনৈতিক মতামত প্রচার করতে পারবেন না কিংবা নিজেকে কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত করতে পারবেন না।
এই আইনের আলোকে যবিপ্রবির সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সকল প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়।
এই আইন অমান্য করলে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।