সাব্বির রহমান রাব্বীল, যবিপ্রবি প্রতিনিধি :
‘বহ্নিমান একাত্ব, প্রত্যয়ী অনিরুদ্ধে’ শিরোনামে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে দুই দিন ব্যাপী কেন্দ্রীয় বিদায়ী সংবর্ধনা আয়োজিত হতে যাচ্ছে।
আগামী বুধবার ও বৃহস্পতিবার (২৯ ও ৩০ অক্টোবর) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়ামে অনুষ্ঠিত হবে এই কেন্দ্রীয় বিদায়ী সংবর্ধনা।
কেন্দ্রীয় বিদায়ী সংবর্ধনায় উপস্থিত থাকবেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। এছাড়াও উপস্থিত থাকবে ঢাকা থেকে আগত জনপ্রিয় দুটি মিউজিক ব্যান্ড ‘ওয়ারফেজ’ এবং ‘এআরকে’ সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
বিদায়ী সংবর্ধনা উপলক্ষ্যে পেট্রোলিয়াম ও খনন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের আর এইচ রাফি বলেন, কেন্দ্রীয় বিদায় সংর্বধনা” ব্যানারে যবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা তাদের বড় ভাইদের বিদায় আয়োজন করে থাকে। প্রতিটা বিশ্ববিদ্যালয় কোনো না কোনো সুন্দর আয়োজন করে থাকে। তবে আমাদের এখানে সাধারণ শিক্ষার্থীরাই আয়োজক হিসেবে থাকে। নানা চমক এর সাথে স্মৃতির সম্মেলন,ভার্সিটি লাইফের শেষ সবাই নিজের মতো করে সাজাতে চায়। এবারো বর্ণিল আয়োজন হচ্ছে। সুন্দর একটা বিদায় প্রতিটা সিনিয়রের আকাঙ্খা থাকে। গতবার আয়োজক হিসেবে ছিলাম,এবার নিজেই বিদায়ী ব্যাচ৷ ব্যাপারটা আসলে বাস্তবতা মানতে বাধ্য করায়। দুঃখ কষ্ট ভুলে কাঁধে কাঁধ মিলায়ে একসাথে একটা স্মৃতির স্মারক রেখে যেন দিতে পারি এটাই চাওয়া৷
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের সাদিয়া সাইমা অর্চি বলেন, ৩৫ একরের ক্যাম্পাসে খুব ছোটো ছোটো যে রঙিন স্মৃতি তৈরি করছি,তার ই একটা বড় অংশ হতে যাচ্ছে এই র্যাগ ২০২৫। মানুষ চলমান এবং পরিবর্তনশীল। এই বহমান সময়ে আমরা সাথে করে কিছু স্মৃতি ছাড়া কিছুই আর বহন করি না আমাদের সাথে। এই একসাথে, ওয়ারফেস এর গান শোনা,সুর মেলানো,রাতের লাইটিং,হৈ হুল্লোড় এটাই ভার্সিটির স্মৃতির পাতায় অমলিন হবে সময়ের সাথে। বন্ধু, সহপাঠী, দিনশেষে সবাই মিলে একটা সুন্দর সময় ভাগ করে নেওয়ার অপেক্ষায়।
উল্লেখ্য, এবারের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানটি “ঋদ্ধ – ২০” নামে উন্মোচিত করা হয়েছে।