মাভাবিপ্রবি প্রতিনিধি
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক গবেষণা কার্যক্রম জোরদারের লক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) থেকে প্রাপ্ত ২ কোটি ৪৫ লাখ ২৫ হাজার ৫২০ টাকা গবেষণা অনুদানের আওতায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সঙ্গে একটি আনুষ্ঠানিক বাস্তবায়ন চুক্তি সম্পন্ন হয়েছে।
ইউজিসির সঙ্গে স্বাক্ষরিত এ চুক্তিতে প্রথম পক্ষ হিসেবে ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলাম, দ্বিতীয় পক্ষ হিসেবে মাভাবিপ্রবির দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহিদ এবং তৃতীয় পক্ষ হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সহযোগী অধ্যাপক ড. নজরুল ইসলাম স্বাক্ষর করেন।
ইউজিসি বাস্তবায়নাধীন ‘ইম্প্রুভিং কম্পিউটার অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টারশিয়ারি এডুকেশন (আইসিএসইটিইপি)’ প্রকল্পের আওতায় ‘গবেষণা ও উন্নয়ন অনুদান (আরডিজি)’ উপখাত থেকে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়। আরডিজি পারফরমেন্স কনট্রাক্ট অনুযায়ী, প্রকল্পটির মাধ্যমে কৃষিপণ্যের বাজারসংক্রান্ত তথ্য ব্যবস্থাপনা, যোগাযোগ প্রক্রিয়া ও সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থাকে আরও কার্যকর করতে কণ্ঠভিত্তিক ও কথোপকথনমূলক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর একটি সমন্বিত প্রযুক্তিগত সমাধান নিয়ে গবেষণা পরিচালিত হবে।
এই গবেষণা প্রকল্পের প্রধান গবেষক হিসেবে দায়িত্ব পালন করবেন আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. নজরুল ইসলাম। তাঁর সঙ্গে সহযোগী গবেষক হিসেবে যুক্ত থাকবেন প্রফেসর ড. নার্গিস আকতার।
মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) ইউজিসিতে আয়োজিত এক অনুষ্ঠানে গবেষণা অনুদানসংক্রান্ত চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মাছুমা হাবিব, অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং।
গবেষণা অনুদান প্রাপ্তিতে সংশ্লিষ্ট গবেষকদের অভিনন্দন জানিয়ে মাভাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, এই অনুদান বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি এই উদ্যোগের জন্য ইউজিসি কর্তৃপক্ষের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে, প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে কৃষি বাজার ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তির কার্যকর ও টেকসই ব্যবহার নিশ্চিত হবে।
উল্লেখ্য, আইসিএসইটিইপি প্রকল্পের মোট ব্যয় প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা। এর একটি বড় অংশ অর্থায়ন করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), আর অবশিষ্ট অংশ বহন করছে বাংলাদেশ সরকার।